বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন।
জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলায় (হাকিমি আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
আহতরা হলেনÑ সুমন দাস, হৃদয় হাওলাদার, হাবিবুল্লাহ শেখ, ফিরোজ শেখ ও মোতালেব হোসেন। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এম এম মাহাবুব মোর্শেদ লালন জানান, জেলা জজ আদালতের নিচতলায়, যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিচারিক কার্যক্রম পরিচালনা করেন, সেই কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ খসে বারান্দায় থাকা সাতজন বিচারপ্রার্থীর ওপর পড়ে। তাদের মধ্যে পাঁচজন আহত হলে দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি আরও জানান, জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি অনেক পুরনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. শেখ আদনান হোসেন বলেন, আদালত ভবনের পলেস্তারা খসে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও মাথায়, কারও ঘাড়ে এবং কারও পায়ে আঘাত লেগেছে। তবে কারও আঘাত গুরুতর নয়। সবাই চিকিৎসাধীন রয়েছেন।