গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
কয়েকজন ছাত্রী এক হাতে ছাতা ধরে এবং অন্য হাতে দিয়ে লিখছেন। ছবি: ভিডিও থেকে
পটুয়াখালীর গলাচিপায় অতি বৃষ্টির কারণে ছাতা মাথায় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
কোটখালী ফাজিল মাদ্রাসায় রবিবার অর্ধবার্ষিক পরীক্ষার সময় এই ঘটনা ঘটেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ছে। এতে বাধ্য হয়ে কয়েকজন ছাত্রী এক হাতে ছাতা ধরে এবং অন্য হাতে দিয়ে লিখছেন।
স্থানীয়রা জানান, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ায় শিক্ষক-শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। নির্মাণাধীন একটি ভবনের কাজ এখন পর্যন্ত হস্তান্তর না হওয়ার কারণ সেখানেও বর্তমানে ক্লাস কিংবা পরীক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নজির আহমেদ খান বলেন, “অতিবৃষ্টির কারণে ভবনের কয়েকটি কক্ষের ছাদ দিয়ে পানি পড়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা কিছুটা দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিয়েছে। মাদ্রাসার ভবনটি দীর্ঘদিনের পুরোনো এবং জরাজীর্ণ হওয়ায় ছাদ থেকে পানি পড়ে”।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত ভবনটির সংস্কার এবং নির্মাণাধীন ভবনের কাজ শেষ করে শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।