শাহ আমানত বিমানবন্দর
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আটক শহিদুল আলম চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ দশমিক ১৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথভাবে তল্লাশি চালিয়ে সোমবার সকাল ১০টার দিকে স্বর্ণগুলো জব্দ ও ওই ব্যক্তিকে আটক করে।
আটক শহিদুল আলম চৌধুরীর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
শহিদুল আলম চৌধুরী নামের ওই যাত্রী পায়জামার বেল্টের স্থানে এবং আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে স্বর্ণগুলো নিয়ে আসেন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল প্রতিদিনের বাংলাদেশকে জানান, শহীদুল আলম সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরা তাকে তল্লাশি করেন। এ সময় তার পায়জামার বেল্টের স্থানে এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এসব স্বর্ণ পাওয়া যায়।
তিনি জানান, এ ঘটনায় শহিদুল আলম চৌধুরীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।