চট্টগ্রামের সন্দ্বীপ
কামরুল হাসান, সন্দ্বীপ (চট্টগ্রাম)
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
জলাবদ্ধতা উপেক্ষা করে ত্রাণ নিয়ে পানিবন্দী মানুষের কাছে যান সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পানিবন্দী হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
এর অংশ হিসেবে সরাসরি মাঠে নেমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। প্রায় কোমরসমান পানিতে নেমে দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে দেখা গেছে তাকে।
উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে শুরু করে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্গম উড়িরচর ইউনিয়নের মানুষের জন্যও খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে।
জলাবদ্ধতা নিরসনে অবৈধ খাল দখলকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছেন ইউএনও। প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।
আমজাদ হোসেন বলেন, “উপজেলার সব ইউনিয়নের পানিবন্দি মানুষের পাশে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি। শুধু ত্রাণ বিতরণ নয়, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিটি ইউনিয়নে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এসব টিমের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “এই দুর্যোগ কোনো মানুষ যেন খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই প্রতিটি ইউনিয়নে দায়িত্বশীল ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা সরাসরি মাঠে কাজ করে মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা করছেন।”
ইউএনও বলেন, “দ্রুত সেবা পৌঁছে দিতে ও ভুক্তভোগীদের সাথে সরাসরি যোগাযোগ সহজ করতে চালু করা হয়েছে ইউএনও হটলাইন নম্বর। যেকোনো জরুরি প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগ করে তাৎক্ষণিক সহায়তা পাচ্ছেন সাধারণ মানুষ।”
তিনি আরও বলেন, “জলাবদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।