× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মপাশার গাছতলা সড়ক যেন মরণফাঁদ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ ঘণ্টা আগে

ধর্মপাশা–মধ্যনগর ২০ কিলোমিটার দীর্ঘ সড়ক এখন মরণফাঁদ। ফাইল ছবি

ধর্মপাশা–মধ্যনগর ২০ কিলোমিটার দীর্ঘ সড়ক এখন মরণফাঁদ। ফাইল ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা–মধ্যনগর সড়কের ধর্মপাশা ব্রিজ থেকে গাছতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বড় বড় গর্ত, ভাঙন ও সরু হয়ে যাওয়া সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কটি এখন কার্যত ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

ধর্মপাশা–মধ্যনগর ২০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি তাহিরপুরসহ জেলার বিভিন্ন পর্যটন এলাকার অন্যতম যোগাযোগ মাধ্যম। টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, বারেক টিলা এবং সীমান্তবর্তী দর্শনীয় স্থানগুলোতে প্রতিদিন হাজারো পর্যটক এ পথ ব্যবহার করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে পর্যটন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয়দের ভাষ্য, সড়কের দুই পাশ ভেঙে যাওয়ায় এটি অনেক জায়গায় সরু হয়ে গেছে। ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহন ক্রসিং করতে গিয়ে প্রায়ই উল্টে যাচ্ছে বা সড়কের বাইরে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সড়কটির দায়িত্ব সুনামগঞ্জ থেকে নেত্রকোনা সওজ বিভাগের অধীনে হস্তান্তর করা হয়। পরে ২০১৭ সালে মধ্যনগরের পিঁপড়াকান্দা পর্যন্ত কিছু অংশে সংস্কার কাজ করা হলেও নিম্নমানের নির্মাণের অভিযোগ রয়েছে। বর্তমানে সেই অংশও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া বিশরাকান্দা এলাকায় নদীভাঙন নতুন করে ঝুঁকি সৃষ্টি করেছে।

ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু বলেন, “এই একটি সড়কের কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ সব ধরনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে”।

ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইসাক বলেন, “সড়কটি কীভাবে সুনামগঞ্জ থেকে নেত্রকোনা সওজ বিভাগের অধীনে গেল, তা জানতে চাই। এ সিদ্ধান্তের কারণে দুই উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন”।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল বলেন, “এই সড়কে চলাচল মানেই দুর্ঘটনার ঝুঁকি। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়ছে”।

গাছতলা বাজার বণিক সমিতির সদস্য পাঠান সাদেক বলেন, “আমরা চাই সড়কটি আবার সুনামগঞ্জ সওজের অধীনে দেওয়া হোক। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে”।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “জেনেছি সড়কটির সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নেত্রকোনা সওজ বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে আপাতত বড় বড় গর্ত ইটের খোয়া দিয়ে ভরাট করার অনুরোধ করেছি, যাতে মানুষ কিছুটা নিরাপদে চলাচল করতে পারে”।

এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ সালেহীন বলেন, “আজ অথবা আগামীকালের মধ্যে এক্সকাভেটর দিয়ে বড় গর্তগুলো ভরাটের কাজ শুরু হবে। পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ সংস্কার কাজের জন্য ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছি”।

স্থানীয়দের দাবি, সাময়িক মেরামত নয়, দ্রুত টেকসইভাবে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার করা হোক। এতে দুই উপজেলার কয়েক লাখ মানুষের দুর্ভোগ কমবে এবং পর্যটন ও ব্যবসা-বাণিজ্যেও গতি ফিরবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা