কক্সবাজার অফিস
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১৩:৩৫ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১৫:৫৪ পিএম
নাফ নদের মোহনায় ৯ ঘণ্টা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক জব্দের কথা জানিয়েছে কোস্টগার্ড। ছবি : প্রবা
বঙ্গোপসাগরে নাফ নদের মোহনায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করার কথা জানিয়েছে কোস্টগার্ড।
সোমবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে শুরু হওয়া এ অভিযান শেষ হয় রাত ১০টার দিকে।
মঙ্গলবার দুপুরে টেকনাফ স্টেশনে প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান।
আটক ৬ জন হলেন, টেকনাফের ঠ্যাংখালি রোহিঙ্গা ক্যাম্পের মো. ইব্রাহিম , একই ক্যাম্পের মো. আরিফ, মো. মাহমুদুর রহমান, উনচিপ্রাং ক্যাম্পের মো. আমিন, একই ক্যাম্পের মো. কানিজ ও উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. নবী হোসেন।
লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান জানান, শাহপরীর দ্বীপের পাশে নাফ নদের মোহনায় একটি ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি চলছিল। অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের বোট নিয়ে মোহনা থেকে টেকনাফের দিকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করতে থাকে। কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের সদস্যরা ডাকাত দলকে ধাওয়া করে। এর মধ্যে টেকনাফ স্টেশনের সদস্যরা অভিযানে যোগ দেন। অভিযানে ডাকাত দলের ছয় সদস্যকে আটক হয়।
তিনি আরও জানান, উদ্ধারের তালিকায় রয়েছে—বিদেশি পিস্তল দুটি, এক নলা বন্দুক তিনটি, এলজি দুটি, শটগান একটি, দেশি পিস্তল ছয়টি, পিস্তলের ম্যাগাজিন চারটি, তাজা গুলি ৪৫০ রাউন্ড, ফাঁকা গুলি ৩৯ রাউন্ড, রামদা চারটি, ইয়াবা ২০ হাজার পিস, বিদেশি মদ ২১ বোতল, বিয়ার ৫৫১ ক্যান, ডাকাতি কাজে ব্যবহৃত পোশাক সাত সেট, হ্যান্ডকাফ একটি, ল্যান্ড ফোন একটি ও বাটন মোবাইল চারটি।