ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস রবিবার দুপুর দেড়টার পর চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। ছবি: ফেসবুক থেকে
টানা পাঁচদিন বন্ধ থাকার পর ফের চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস রবিবার দুপুর দেড়টার পর চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে চট্টগ্রাম থেকে দুই জোড়া ও ঢাকা থেকে দুই জোড়া চলাচল করে। প্রতিদিন ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করেন। এতদিন ট্রেন বন্ধ থাকায় তাঁরা দুর্ভোগে পড়েছিলেন।
এর আগে রবিবার দুপুরে মো. সুবক্তগীন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নগরের ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন।
সুবক্তগীন বলেন, “চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরও গত মঙ্গলবার রেললাইনে পানি উঠেছে। এরপর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে তদারকি করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রেলপথের বিভিন্ন অংশ পাথর দিয়ে প্রায় এক ফুট উঁচু করা হয়েছে। গতকাল শনিবার দিন-রাত কাজ করে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। এরপর গতকালই ট্রেন চলাচলের ঘোষণা দেওয়া হয়”।
রেলওয়ের পূর্বাঞ্চল জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ বলেন, “চট্টগ্রাম রেলস্টেশন থেকে আজ বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে জানালিহাট রেলস্টেশনে আটকে থাকা চট্টগ্রাম–কক্সবাজার রুটের প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশনে আনা হয়। রেললাইন এখন চলাচলের জন্য নিরাপদ”।