রংপুর অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
রবিবার নগরীর সাতমাথা-জাহাজ কোম্পানী সড়কের উদ্বোধন করেন রসিক প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন
দীর্ঘ পাঁচ বছরেরও অধিক সময় ধরে বেহাল রংপুরসহ তিন জেলার যোগাযোগের অন্যতম রুট সাতমাথা-জাহাজ কোম্পানী সড়ক। খানাখন্দের কারণে সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ।
সড়কটি সংস্কারে উদ্যোগ না নেওয়ায় রংপুর সিটি কর্পোরেশনকে (রসিক) মৃত ঘোষণা ও গায়েবানা জানাজা পড়ানো হয়। সড়কে ধান রোপন, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদসহ মানববন্ধন-সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও স্থানীয় ভুক্তভোগীরা।
অবশেষে টনক নড়েছে রসিকের কর্তা ব্যক্তিদের। শীতঘুম থেকে তারা এবার জেগে উঠেছেন। নির্বিকারের ব্যূহ ভেদ করে প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যর এ সড়কটির সংস্কারে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন।
রবিবার (১২ জুলাই) নগরীর সাতমাথায় ফলক উদ্বোধনের মাধ্যমে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
২০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে এ সড়ক সংস্কার কার্যক্রমে ৩ হাজার ৬৮০ মিটার কার্পেটিং রোড, ১১০ মিটার আরসিসি রোড, ৬’শ মিটার রাস্তার দু’পাশের ড্রেন নির্মাণ, ২ হাজার ৫’শ মিটার রোড ডিভাইডার, ৮’শ মিটার রোড সেপারেটর নির্মাণ এবং ১৩০টি পোলে ২৬০টি স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে।
এ সংস্কার কাজের সময়সীমা ধরা হয়েছে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত। দীর্ঘদিন পর সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়ায় সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।
রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন বলেন, যেহেতু এই সড়ক দিয়ে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার মানুষেরা হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যসহ দ্বৈনন্দ্বিন কাজে ব্যবহার করে। তাই জনগুরুত্বপূর্ণ এ সড়কটি নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার শেষ হবে বলে প্রত্যাশা করছি। সেই সঙ্গে কাজের মান ঠিক রাখতে আমি সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। মানের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না।