ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
৪০ কেজি ওজনের ‘দানব’ কাতলা, বিক্রি হলো ৪৬ হাজার টাকা। প্রবা ফটো
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ জেলেদের জালে ধরা পড়েছে। বিরল আকৃতির এই মাছটি দেখতে নদীর পাড়ে ভিড় করেন উৎসুক জনতা।
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে বেড়জাল দিয়ে মাছ শিকারের সময় জেলেদের জালে ধরা পড়ে মাছটি।
স্থানীয়রা জানান, মুরাদের নেতৃত্বে
কয়েকজন জেলে নদীতে মাছ ধরছিলেন। একপর্যায়ে জাল টানার সময় তারা বড় কোনো কিছুর উপস্থিতি
টের পান। দীর্ঘ চেষ্টার পর জাল তুলে দেখা যায়, তার জালে আটকা পড়েছে বিশাল আকারের একটি
কাতলা মাছ।
জেলেদের ভাষ্য, এর আগে তাদের জালে এত
বড় মাছ কখনো ধরা পড়েনি। মাছটির খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ নদীর
পাড়ে ছুটে আসেন। অনেকেই জানান, জীবনে এত বড় কাতলা মাছ তারা আগে কখনো দেখেননি। পদ্মার
এই এলাকায় এমন বিশাল আকৃতির মাছ ধরা পড়ার ঘটনা খুবই বিরল।
পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ
কয়েকজন মিলে মাছটি কিনে নেন। তারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।
রিপন আলী বলেন, ৪০ কেজি ওজনের মাছটি
প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে কেনা হয়েছে। এতে মোট দাম পড়েছে ৪৬ হাজার টাকা।
তবে এত বড় কাতলা মাছ ধরা পড়ায় নদীপাড়ের
মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আনন্দ।