৪৮ ঘণ্টার আল্টিমেটাম
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ৩৭ মিনিট আগে
সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ট্রাফিক গোলচত্বরে রবিবার বাস শ্রমিকদের মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নীলফামারীর সৈয়দপুরে অশ্রমিকদের দ্বারা গঠিত একটি পরিবহন শ্রমিক সংগঠনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাস শ্রমিকরা।
একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে উত্তরবঙ্গে যান চলাচল অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রবিবার (১২ জুলাই) দুপুরে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ট্রাফিক গোলচত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২২০)।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩৪৪৬) নামে অশ্রমিকদের দ্বারা গঠিত একটি সংগঠন জেলার বিভিন্ন রুটে জোরপূর্বক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। পাশাপাশি পরিবহন থেকে চাঁদাবাজি এবং প্রকৃত শ্রমিকদের হয়রানি ও নির্যাতনের অভিযোগও তোলেন তারা।
বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই সংগঠনের কার্যক্রম বন্ধ এবং কথিত চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে উত্তরবঙ্গজুড়ে যান চলাচল অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও সমাবেশ শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।