ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
ভেড়ামারা উপজেলার ঝুঁকিপূর্ণ সাতবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মানুষের চিকিৎসার ভরসাস্থল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রটি এখন নিজেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শতবর্ষের পুরোনো এ স্বাস্থ্যকেন্দ্রের ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন নারী, শিশু ও বয়স্কসহ অসংখ্য মানুষ চিকিৎসাসেবা নিতে এ কেন্দ্রে আসেন। তবে ঝুঁকিপূর্ণ ভবনের কারণে সেবা নিতে এসেও নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন তারা।
স্থানীয়রা জানান, দ্রুত সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা সাতবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রটিকে আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের দাবি জানিয়েছেন।
রোগীর স্বজন দেলোয়ার হোসেন বলেন, চিকিৎসার ঠিকানা এখন নিজেই অসুস্থ হয়ে পড়েছে। ঝুঁকির মধ্যেই মানুষ এখানে সেবা নিতে আসছে।
স্থানীয় বাসিন্দা সেলিম হোসেন বলেন, অনেক পুরাতন ভবন, আর দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, বিষয়টি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কয়েক দফা চাহিদাপত্র পাঠানো হয়েছে। সর্বশেষ গত ৪ জুলাইও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।