ফেনী প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
ফেনীতে বড় পর্দায় খেলা দেখছেন দর্শক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীতে বড় পর্দায় খেলা দেখাকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের বাঁধভাঙা উন্মাদনার মধ্যেই ফুটে উঠল মানবতার এক অনন্য চিত্র। একদিকে যখন প্রিয় দলের সমর্থনে মুখরিত ক্রীড়ামোদী দর্শক, ঠিক তখনই সেই বড় পর্দায় ভেসে উঠেছে বান্দরবান ও চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক আহ্বান।
ফেনী শহরের প্রাণকেন্দ্রে বড় পর্দায় খেলা উপভোগ করতে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। দর্শকদের সেই উপচে পড়া ভিড়ের মধ্যেই ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে একটি বিশেষ ব্যানার। যেখানে লেখা ছিল "চট্টগ্রামের বন্যার্তদের সহায়তার মানবিক আহ্বান।"
ব্যানারে ফেনী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে ফেনীবাসীর পক্ষ থেকে বন্যার্তদের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। "বন্যা দুর্গতদের পাশে ফেনী: চট্টগ্রাম ও বান্দরবান-এর জন্য উপহার" স্লোগান নিয়ে চট্টগ্রামের ২৪-এর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সর্বাত্মক সহযোগিতার আহ্বান করা হয়েছে।
মানবতার এই উদ্যোগটির আহ্বান করেছেন সোহরাব হোসেন শাকিল।
ফুটবল উন্মাদনার মতো একটি বিশাল জনসমাগমকে কাজে লাগিয়ে বন্যার্তদের জন্য সাহায্য চাওয়ার এই ভিন্নধর্মী ও সচেতনতামূলক উদ্যোগটি স্থানীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
উপস্থিত দর্শকরা বলছেন, খেলার আনন্দের পাশাপাশি সমাজের সংকটের কথা মনে করিয়ে দেওয়ার এই চেষ্টা সত্যিই প্রশংসনীয়।
দুর্যোগের এই সময়ে ফেনীবাসীর উপহার ও মানবিক সহায়তা চট্টগ্রাম ও বান্দরবানের বন্যার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।