জাহিন শেখ। ফাইল ছবি
চুয়াডাঙ্গা জেলা যুবদলের বহিষ্কৃত নেতা জাহিন শেখকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।
হামলায় তার শরীর থেকে বাঁ হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে।
চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
আহত জাহিন শেখ (৪০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের মরহুম রজব আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় কয়েকজন জানান, রাত সাড়ে ১১টার দিকে হোমিওপ্যাথি কলেজ এলাকার কাছে তাকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা.নাজমুস সাকিব বলেন, রোগীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষত হয়েছে। তার বাঁ হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, হামলায় জাহিন শেখের একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে। ঘটনায় জড়িত দুজনের নাম পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।