× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোট বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে: বিরোধীদলীয় নেতা

মেরিনা লাভলী ও এহসানুল হক সুমন, রংপুর

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

গণভোট বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে: বিরোধীদলীয় নেতা

নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের উদ্দেশ্যে গণভোট হয়েছে জানিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোট বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে।

তিনি বলেন, বর্তমানে গণভোটের আন্দোলন থেকে আমাদের সরিয়ে দিতে নানা কথা বলা হচ্ছে। আমাদের পরিষ্কার কথা, জাতির সাথে বেইমানি করতে পারব না। জাতিকে কথা দিয়েছি আমরা লড়াই করে যাব। শনিবার (১১ জুলাই) বিকালে রংপুর জিলা স্কুলমাঠে ১১-দলীয় ঐক্য আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ ১১-দলের শীর্ষ নেতারা।

সমাবেশে বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে। এখন পর্যন্ত সীমান্ত নিয়ে সরকারের মুখ থেকে একটা শব্দও আসে নাই। 

আমরা বীরের জাতি, কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা নত করব না। আবু সাঈদসহ তাদের বন্ধুদের আত্মার কাছে আরেকবার অঙ্গীকার করছি, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। 

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে বর্তমান সরকার ভালো ভালো কথা বলেছে, ‘জাগে বাহে কোনটে সবাই’ তিস্তা বাঁচাও আন্দোলন করেছে। কিন্তু তিস্তা নিয়ে এই সরকার ১০ টাকারও বাজেট বরাদ্দ করে নাই। আমরা কথার ফুলঝুড়ি শুনতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। 

তিনি আরও বলেন, আমাদের সাফ কথা, তিস্তা নিয়ে আমরা কোন ধানাই-পানাই বুঝি না। তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার বলেছিল নির্বাচিত হলে রংপুর বিভাগকে কৃষির রাজধানী করা হবে। সেই রাজধানী গড়ার কথা সংসদেও বলা হচ্ছে। কিন্তু রাজধানীতে ভিক্ষা দিলে রাজধানী হবে না। রাজধানী নিয়ে মহাপরিকল্পনা করতে হবে। এখানে শুনতে পেলাম এ অঞ্চলের কৃষকদের আলু হিমাগারে রাখতে বস্তা প্রতি ৬’শ টাকা দিতে হচ্ছে। এটা অন্যায়, জুলুম, এটাকে বন্ধ করতে হবে। ন্যায্য দামে সেখানে আলু রাখার ব্যবস্থা করতে হবে।    

দ্রব্যমূল্য নিয়ে জামায়াতের আমির বলেন, যারা চাঁদাবাজি-ঘুষ-দুর্নীতিতে ব্যস্ত তারা দ্রব্যমূল্য নিয়ে জনগণের দুঃখ বুঝবে না। আগামীতে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আমরা সরকার গঠন করলে দেশে চাঁদাবাজি তো দূরের কথা, তাদের ছায়াও সহ্য করা হবে না। প্রধানমন্ত্রীও যদি দুর্নীতি করে তবে তাকেও ছাড় দেওয়া হবে না। 

জুলাই আন্দোলনে হত্যাকারী পুলিশদের বিচার নিয়ে তিনি বলেন, যারা অপরাধ করেছে, মানুষ খুন করেছে তাদের বিচার করতে হবে। শুধু জুলাই না, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে পিলখানা, শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর ওপর চালানো হত্যাকাণ্ডসহ সাড়ে ১৫ বছর গুম-খুনের হত্যা থেকে শুরু করে বিপ্লবী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড পর্যন্ত বিচার করতে হবে। যদি এই সরকারের বিচার করার সাহস না থাকে, আমরা বলব ব্যর্থতার দায় স্বীকার করে বিদায় নেন।

ফাঁসির দড়িতে হাসিনাকে ঝুলতেই হবে- নাহিদ : সমাবেশে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি, আপনি ডিসেম্বরে আসুন আর যখনই আসুনÑ ফাঁসির দড়িতে আপনাকে ঝুলতেই হবে। শেখ হাসিনা আসবে কি আসবে নাÑ সেটা দিল্লির সাথে ঢাকাকে নির্ধারণ করতে হবে। 

বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস উল্লেখ করে নাহিদ বলেন, বিএনপি সকল গণঅভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণঅভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে। বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করেছে, গণতন্ত্রের সাথে প্রতারণা করেছে, বিএনপি ৩১ দফার সাথে প্রতারণা করেছে। 

বিএনপি সরকারকে উদ্দেশ করে নাহিদ বলেন, সীমান্তে পুশইন বন্ধ করতে হবে, সীমান্ত হত্যা প্রতিরোধ করতে হবে। যদি সীমান্ত হত্যা প্রতিরোধ করতে না পারেন, তাহলে নিজেদের দল থেকে জাতীয়তাবাদী শব্দটি কেটে ফেলে দেন। বর্তমান বাজেটে কোনো ধরনের অর্থনৈতিক সংস্কার, রূপরেখা রাখা হয় নাই বলেও মন্তব্য করেন নাহিদ। এছাড়া প্রধানমন্ত্রীর চীন সফরের অর্জন শূন্য বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

গণভোট বাস্তবায়ন না হলে দেশ হাসিনার রাষ্ট্র কাঠামোতে ফিরে যাবে- আখতার : গণভোট যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো ওই হাসিনার রাষ্ট্র কাঠামোতে ফিরে যাবে বলে সমাবেশে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, জনগণ রাষ্ট্রকে পরিবর্তন, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গণভোটে হ্যাঁ-এর পক্ষে অবস্থান নিয়েছিল। অতএব জনগণকে ফাঁকি দিয়ে গণভোট থেকে পিছিয়ে আসা যাবে না।

আখতার বলেন, রংপুর নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, বুকে একফোঁটা রক্ত থাকা পর্যন্ত রংপুরকে কোনো বিদেশি তাঁবেদার দখল করার সাহসও করতে পারবে না। সংবিধান নিয়ে তিনি বলেন, উচ্চ আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, যা বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নিয়েছে। কিন্তু এদেশের মানুষ পুরনো ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার দেখতে চায়।

সমাবেশে নেতাকর্মীরা : রংপুর বিভাগীয় সমাবেশ ঘিরে সকাল থেকেই বিভাগের ৮ জেলা থেকে বাস, ট্রাক, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলে করে সমাবেশস্থলে আসতে শুরু করেন এগারো দলের নেতাকর্মীরা। বেলা ৩টার দিকে সমাবেশের শীর্ষ নেতারা বক্তব্য শুরু করলে রংপুরে অতি ভারী বৃষ্টি শুরু হয়। প্রায়  ২ ঘণ্টা ধরে বৃষ্টিতে ভিজে এগারো দলের নেতাকর্মীরা শীর্ষ নেতাদের বক্তব্য শোনেন এবং আগামীর বাংলাদেশ গড়াসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা