× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌপথে পুলিশের টহল জোরদার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

নৌপথে পুলিশের টহল জোরদার

কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে সাম্প্রতিক সময়ে একের পর এক নৌ-ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন হাওরের পানি বেড়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি নৌপথনির্ভর হয়ে পড়ে, তখন সংঘবদ্ধ ডাকাত চক্রের তৎপরতাও আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। রাতের আঁধারে যাত্রীবাহী নৌকা, মাছবাহী ট্রলার, কৃষিপণ্য পরিবহনকারী নৌযান, ব্যবসায়িক মালবাহী ট্রলার, এমনকি পর্যটকবাহী ট্রলারেও হামলার ঘটনায় পুরো হাওরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রয়োজন ছাড়া অনেকেই রাতের বেলা নৌপথে চলাচল বন্ধ করে দিয়েছেন। চিকিৎসার জন্য রোগী পরিবহন, বাজারে কৃষিপণ্য ও মাছ সরবরাহ, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে হাওরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিভিন্ন থানার উদ্যোগে ডাকাতিপ্রবণ নৌপথে শুরু হয়েছে বিশেষ নৌ-টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রতিরোধমূলক অভিযান।

শনিবার (১১ জুলাই) সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বর্ষা মৌসুমজুড়ে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সূত্র জানায়, হাওরের ঝুঁকিপূর্ণ নৌপথ, নির্জন খাল, বিস্তীর্ণ জলরাশি, জলাবদ্ধ খালসংযোগ এবং অতীতে ডাকাতির ঘটনা ঘটেছে কিংবা ঘটার আশঙ্কা রয়েছেÑ এমন এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত নৌ-টহল পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে কলিরভিটা, কাটাখালি, শিমুলবাগ, ছিলনী ব্রিজ, বড়িবাড়ি, বাদলা, হাসানপুরসংলগ্ন হাওর, অষ্টগ্রাম থেকে বাজিতপুর ও নাসিরনগরমুখী নৌরুটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

বিশেষ নৌ-টহলে অংশ নেওয়া পুলিশ সদস্যরা যাত্রীবাহী নৌকা, মাছবাহী ট্রলার, ব্যবসায়িক নৌযান, কৃষিপণ্য পরিবহনকারী ট্রলার ও মালবাহী নৌকা থামিয়ে তল্লাশি চালাচ্ছেন। যাত্রীদের পরিচয় যাচাই, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং অপরাধীদের সম্ভাব্য চলাচলের পথ শনাক্ত করার কাজও চলছে। পাশাপাশি মাঝি, জেলে, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, সচেতন নাগরিক ও ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে তথ্যভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ বলছে, শুধু টহল নয়, গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। সম্ভাব্য ডাকাত চক্রের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্যদাতাদের সক্রিয় করা এবং যেকোনো সময় তাৎক্ষণিক অভিযান পরিচালনার জন্য বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে।

ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান বলেন, সাম্প্রতিক ডাকাতির ঘটনার পর হাওরের ডাকাতিপ্রবণ নৌপথে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বর্ষা মৌসুমজুড়ে এই বিশেষ টহল অব্যাহত থাকবে। প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল দেবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা