জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের রায়গঞ্জ ১২৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পর্যায়ে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে ভারত থেকে পুশ-ইনের চেষ্টার ঘটনায় তিন ব্যক্তি এখনো আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দফায় দফায় যোগাযোগ ও বৈঠক হলেও শনিবার রাত পর্যন্ত এ জটিলতার কোনো সমাধান হয়নি।
আটকে পড়া তিনজন হলেন হাফিজুর রহমান (৫৬), নাসিমা বেগম (৫৪) ও শিউলি বেগম (৪০)।
পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানালে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনুপ্রবেশে বাধা দেন। এ সময় দুইজন পালিয়ে গেলেও দুই নারী ও এক পুরুষ সীমান্তের শূন্যরেখায় আটকা পড়েন।
ঘটনার পর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের রায়গঞ্জ ১২৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলেও রাত পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে সময় কাটছে ওই তিনজনের।
লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “তিনজন এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। বাংলাদেশের অবস্থান স্পষ্ট, তাদের কোনোভাবেই দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না”।