× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ কেসিসির, তদন্ত ও মনিটরিং কমিটি গঠন

খুলনা অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ কেসিসির, তদন্ত ও মনিটরিং কমিটি গঠন

টানা বর্ষণে নগরবাসীর চরম ভোগান্তির মুখে এবার প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। একই সঙ্গে জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে তা অপসারণে কেন্দ্রীয় কমিটি, তিনটি উপকমিটি ও ওয়ার্ডভিত্তিক মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ জুলাই) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে বৃষ্টির পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিত ও অপসারণে আয়োজিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভার শুরুতেই সাম্প্রতিক জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের জন্য কেসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ও শুক্রবারের টানা ভারী বৃষ্টিতে দেশের অন্যান্য শহরের মতো খুলনা মহানগরীরও কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে ছয়টি এলাকায় দীর্ঘ সময় পানি জমে থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ে। এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে জরুরি এ সভা আহ্বান করা হয়।

সভায় কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বৃষ্টি হলেই নগরীর কয়েকটি এলাকা নিমজ্জিত হচ্ছে, যা কেসিসির জন্য বিব্রতকর। এজন্য নতুনভাবে কিছু কাজ করা প্রয়োজন।

সভায় সিদ্ধান্ত হয়, কেসিসির নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিমের নেতৃত্বে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। পাশাপাশি মুজগুন্নী, লবণচরা ও রয়্যাল মোড়কে কেন্দ্র করে তিনটি উপকমিটি কাজ করবে।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চলমান ড্রেনেজ প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা, প্রকল্প শেষ হলে নগরবাসী কী ধরনের সুবিধা পাবেন তার মূল্যায়ন এবং ড্রেনেজ নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন প্রকল্প গ্রহণের নির্দেশ দেন।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বাজেট ও অ্যাকাউন্টস কর্মকর্তা মো. মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, কনজারভেন্সি কর্মকর্তা মো. অহিদুজ্জামান খানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা