মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
মৌলভীবাজার জেলা সদরে টমটম - মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ছাড়াও আহত আরও ৪। প্রবা ফটো
মৌলভীবাজার জেলা সদরে টমটম (অটোরিকশা)- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আব্দুল কাদির (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় এক শিশুসহ টমটমের ৪ যাত্রী আহত হয়েছেন।
শহরের শমসেরনগর রোডের মাতার কাপন শিমুলতলা বাজার সংলগ্ন শনিবার (১১
জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বেগেরবাড়ী গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল
কাদির জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মোতালিবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শমসেরনগর সড়কে কমলগঞ্জ থেকে মৌলভীবাজারমুখী
মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির টমটমের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের
আরোহী আব্দুল কাদির ছিটকে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এদিকে, সংঘর্ষে টমটমে থাকা এক শিশুসহ
আরও ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর
হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার
বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টমটম (অটোরিকশা) ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।