আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে নওগাঁ শহরের লর্ড লিটন সেতু এলাকা থেকে অভিযুক্ত আপন বাদশাকে গ্রেপ্তার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেসবুক মেসেঞ্জারে এক নারীকে দীর্ঘদিন অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে হয়রানি এবং কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে বগুড়ার আদমদীঘিতে আপন বাদশা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই মামলায় ওই নারীর ১০ বছর বয়সী কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগও আনা হয়েছে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে নওগাঁ শহরের লর্ড লিটন সেতু এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আপন বাদশা উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত ৯টার দিকে নওগাঁ শহরের লর্ড লিটন সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এক নারীকে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করতেন।
এ ছাড়া অডিও কলে কু-প্রস্তাব দেওয়ার পাশাপাশি ওই নারীর ১০ বছর বয়সী কন্যাকে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে যৌন নিপীড়নের অভিযোগও রয়েছে এজাহারে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২১ জুন দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় এসব বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত ওই নারীকে মারধর করেন এবং লোহার মতো একটি বস্তু দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন।
অভিযোগে আরও বলা হয়, একই সময় তার গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা হয়।
ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল উদ্দীন জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
একই মামলায় ওই নারীর ১০ বছর বয়সী কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগও আনা হয়েছে।