মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। প্রবা ফটো
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৯) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় ৮ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া
এলাকায় শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের
ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার
কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে গাজীপুরের
কাপাসিয়া উপজেলা থেকে ২৫ সদস্যের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। হাওরের সৌন্দর্য
উপভোগ করতে তারা নৌকায় করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। বিকেলের দিকে দামপাড়া
ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকা
মেরামতের অপেক্ষায় থাকা অবস্থায় শফিকুল ইসলাম তুলুসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে
নামেন।দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস
ও পুলিশকে জানানো হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।তবে সন্ধ্যা নেমে
আসায় এবং পর্যাপ্ত আলো না থাকায় শুক্রবারের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শনিবার
সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, হাওরে গোসল
করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ভৈরব থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার
অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। আজ শনিবার সকালে আবারও অভিযান শুরু হবে জানান তারা।