চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
সাতকানিয়ার নলুয়ায় দুর্বৃত্তের হামলায় কবরস্থানের দেওয়াল ভাঙচুর।
টানা ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা উজানের ঢলে পানিবন্দি দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা। পানিবন্দি, বিদ্যুৎ বিহীন গ্রামবাসী যখন জীবন বাঁচাতে উদগ্রীব; ঠিক তখনই কবরস্তানের দেওয়ালে শেষ পেরেক ঠুকল দুর্বৃত্তরা। বন্যাকে পুঁজি করে রাতের আধারে ভাঙল কবরস্থানের দেওয়াল।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, নলুয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতির আশ্রয় প্রশ্রয়ে এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। তাদের সাথে মতের মিল না হলেই তারা ক্ষিপ্ত হয় এবং প্রাণনাশেরও হুমকি দেয়। তারা প্রকাশ্যে অস্ত্রবাজি, ছিনতাই, মাদক বেচাকেনা, প্রভাব বিস্তারসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত।
ভুক্তভোগী মিজানুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তিনি এমন কোনো অপরাধ নেই ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতির নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের মাধ্যমে করেন না। তাদের অন্যায় কাজের বিরোধীতা করলে হুমকি দেয়। আমাকেও একাধিকবার হত্যার প্রকাশ্য হুমকি দেন। ইতোমধ্যে দুবার হামলাও করা হয়। রাতে চুরি করা হয় বাড়ির সিসি ক্যামেরা। সর্বশেষ পারিবারিক কবরস্থানের দেয়াল ভাঙা হয় রাতের আঁধারে। পুরো এলাকার মানুষ যখন অথৈই পানিতে নিমজ্জিত, ঠিক তখন এমন নেক্কাজনক কাজটি করা হয়েছে।
মিজানুল ইসলামের দাবি, প্রশাসনের নির্লিপ্ততার কারণে তারা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করছি। প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কবরস্থানের দেওয়াল ভাঙার বিষয়ে ভুক্তভোগী মিজানুল ইসলাম অবগত করেছেন। আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।