কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, সব প্রস্তুতি শেষ হয়েছে। নতুন কমিটিও গঠন করা হয়েছে। খুব শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে । শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘর উদ্বোধন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না। নির্বাচনের নামে প্রহসন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।