ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
কোনো উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চান না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন, তবে এমন সুবিধা আমরা দেব না, যা সরকারের বদনাম করে বেড়ায়।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, একজন চাঁদাবাজ হাসপাতাল থেকে চাঁদা তুললে তার ব্যক্তিগত লাভ হতে পারে। কিন্তু তার কারণে সরকারের ওপর যে কালিমা লিপ্ত হবে, সেই দায় সরকার নেবে না। সম্প্রতি বরিশালে দলীয় পরিচয়ে একজন জোর করে চেকে সাইন করে নিয়েছিলেন। আমরা রাত পার হতে দিইনি। সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘অপরাধী যত বড়ই নেতা হোক, তার পরিচয় সে অপরাধী। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে, আর সেই খালি জায়গায় আপনি নিজেই বসে যাবেন, তাহলে ভুলের স্বর্গে বসবাস করছেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই হাসপাতালটি ৫০ শয্যাবিশিষ্ট। আমরা চেষ্টা করে যাচ্ছি এই হাসপাতালের যেন শয্যাসংখ্যা বাড়ানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।