নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
নোয়াখালী জেলা শহর মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। প্রবা ফটো
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকালে নোয়াখালী জেলা শহর মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৪ ও ১৮ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। কিন্তু এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখলাম। এবারও ভোট চুরি হয়েছে, তবে ফল প্রকাশের পরে। তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছিল, কিন্তু বিএনপি সেই ভোট চুরি করে ফেলেছে। এনসিপির এই এমপি বলেন, জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, সেটা ভোটের ফল প্রকাশের আগে। জুলাইয়ের পরেও ভোট চুরি থেকে গেছে, সেটা দিনের আলোতে ফল প্রকাশের পরে হয়েছে। লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।
বিএনপির উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয়। জনগণের বিপক্ষে গিয়ে সংস্কার করা যাবে এমন ধারণা ভুল। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ৬ মাস পেরিয়ে গেলেও একটি নতুন কর্মসংস্থানও নিশ্চিত করা হয়নি। নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও দেখা যাচ্ছে না।
এ সময় নোয়াখালী-৬ আসনের এমপি আব্দুল হান্নান মাসউদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।