যশোর প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে একটি চাপাতি, তারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
আটক তাহসীন ইসলাম একই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, তাহসীনের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। পাশাপাশি আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের সক্রিয় সদস্য তিনি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, মূলত ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে তাহসীন ইসলামের নামে মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগে একটি ডাকাতি মামলা রয়েছে। আটকের সময়ে চাপাতি, তারসহ কিছু ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। তিনি আরও বলেন, তাহসীন ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য বলে স্বীকার করেছেন। ঘটনার দিন রাতেই তাকে সিটিটিসি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, শাহ আমানত সাবির কর্তৃক প্রতিষ্ঠিত ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) নামের একটি সংগঠনের বিরুদ্ধে মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ৬ যুবককে আটক করে পুলিশ।