সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রহমান (১২) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কুলপোতা এলাকার একটি মৎস্য ঘের থেকে শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকালে নিখোঁজ হয় সে।
নিহত আব্দুর রহমান একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের খালা শেফালি খাতুন জানান, আব্দুর রহমানের মাকে বাবা ডিভোর্স দিয়ে চলে যায়, তখন তার বয়স ৫। এরপর মা অন্যত্র বিয়ে করেন। তখন থেকে তিনি তাকে লালন পালন করেন। তিনি স্বামীকে নিয়ে বুধবার সকালে সাতক্ষীরায় ডাক্তার দেখাতে যান। বাড়ি ফিরে দেখেন রহমান বাড়িতে নেই। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। বাড়ির পাশের একটি মাছের ঘেরের ভেতর শুক্রবার সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তিনি গিয়ে আব্দুর রহমানের মরদেহ শনাক্ত করেন।
সাতক্ষীরা সদর থানার এসআই বলেন, “ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে”।