মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
নৌকা ডুবির ঘটনায় ব্রহ্মপুত্র নদের পাড়ে মানুষের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় সিরাজ মোড়ল (৬৫) নামে এক মসজিদের মুয়াজ্জিন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজ সিরাজ মোড়ল উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া মোড়ল বাড়ির বাসিন্দা। তিনি এলাকার বাহাদিয়া নামা বাজার জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ধর্মপরায়ণ ও পরিশ্রমী মানুষ হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে নিজের ছোট কোষা নৌকা নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কাটতে যান সিরাজ মোড়ল। গবাদিপশুর খাদ্যের জন্য তিনি নিয়মিত নদীর ওপারে গিয়ে ঘাস সংগ্রহ করতেন। সকাল ৯টার দিকে ঘাস কেটে নৌকাযোগে বাড়ি ফেরার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এতে তিনি নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ নদীর তীরে ভিড় করেন। অনেকে ছোট নৌকা নিয়ে নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দলও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও দুপুর আড়াই টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মো. আল আমিন বলেন, সিরাজ মোড়ল অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর ছোট নৌকায় করে নদীর ওপারে ঘাস কাটতে যেতেন। আজও সেই নিয়মেই গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই মিলে নদীতে খোঁজ করছি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ সিরাজ মোড়লের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।