খুলনা অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
খুলনা রেলস্টেশনে সন্দেহজনক আচরণে তল্লাশি চালিয়ে এক যুবকের ব্যাগ থেকে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
খুলনা রেলস্টেশনকে ব্যবহার করে স্বর্ণ পরিবহনের চেষ্টা ভেস্তে দিয়েছে রেলওয়ে পুলিশ। সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি চালিয়ে এক যুবকের ব্যাগ থেকে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একই সঙ্গে এর পেছনে কোনো সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান চক্র সক্রিয় রয়েছে কি নাÑ তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
খুলনা রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার
(৯ জুলাই) সকাল ৭টার দিকে সন্দেহজনক ঘোরাফেরার সময় মাসুদ মোল্লা নামে ওই যুবককে আটক
করা হয়। তিনি নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।পরে তার সঙ্গে
থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক
বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি
স্বর্ণ বহনের বৈধ কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি দাবি করেন, ঢাকা থেকে খুলনায় এসে
ট্রেনে নড়াইল যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার বক্তব্য ও উদ্ধার হওয়া স্বর্ণের
উৎস নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের।
আটক ব্যক্তির বিরুদ্ধে আগেও একটি মামলা
রয়েছে। বিষয়টি নিশ্চিত করতে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) এ অনুসন্ধান
চালানো হচ্ছে। মামলাটি স্বর্ণ চোরাচালান বা এ ধরনের অপরাধসংক্রান্ত কি না, তাও খতিয়ে
দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজন হলে আদালতের
অনুমতি নিয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া স্বর্ণের
প্রকৃত উৎস, সম্ভাব্য চোরাচালান চক্র এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না,
তা তদন্ত করে দেখা হচ্ছে। তল্লাশির পুরো প্রক্রিয়ার ভিডিওচিত্রও সংরক্ষণ করা হয়েছে।
খুলনা রেলস্টেশনের অফিসার ইনচার্জ
(ওসি) মো. সেতু সালাম খান বলেন, তিনটি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লাকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। আটক ব্যক্তিকে
আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।