চট্টগ্রামে বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছবি: ফেসবুক থেকে
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে”।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সারাদিন বৃষ্টি হলেও বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত তীব্রতা কিছুটা কম ছিল। পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে।
এদিকে, বন্যায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী ও ফটিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ বেড়েছে। অনেক এলাকায় বসতবাড়ি, স্থানীয় সড়ক ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।