রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে নিজ বাড়ির পুকুরে ডুবতে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে ভাই-বোন দুজনের মৃত্যু হয়েছে।
উপজেলার চর রমিজ ইউনিয়নের অদু মাঝির বাড়িতে বুধবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো চর রমিজ এলাকার প্রবাসী রিয়াজ উদ্দিনের সাড়ে তিন বছর বয়সী মেয়ে মাইশা আক্তার এবং রিয়াজ উদ্দিনের ভাই মজনুর তিন বছর বয়সী ছেলে মোজাহিদ।
রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, বুধবার দুপুরে দুই শিশু বাড়ির পুকুরঘাটে একসঙ্গে খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে মোজাহিদ অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তার বড় চাচাতো বোন মাইশাও পানিতে নেমে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ডা. কামনাশীষ মজুমদার বলেন, “হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে”।