শিবালয় (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
শিবালয়ে বেতন বাড়ানোসহ ৬ দফা দাবিতে বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবগ্রাম চায়না হার্ডওয়্যার বিডি লিমিটেডের শ্রমিকরা ৩ ঘণ্টা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি।
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১টার পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতারা চায়না হার্ডওয়্যার বিডি লিমিটেডের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে মন্ত্রণালয় থেকে গেজেট না আসা পর্যন্ত বেসিক বেতনের সঙ্গে ৫০০ টাকা করে বেতন বাড়ানো এবং ওই কোম্পানির মামুন হোসেনকে এখান থেকে সরিয়ে নেওয়ার আশ্বাস দেন। কিন্ত শ্রমিকরা তা নেমে নেননি। শ্রমিকদের পক্ষ থেকে গেজেট অনুযায়ী বেতন, মাতৃত্বকালীন ছুটি ও ওই কোম্পানির মামুন হোসেনকে বদলি করাসহ ৬ দফা দাবি করা হয়।
শ্রমিকরা বলেন, আমাদের বেতন দেওয়া হয় মাত্র ৬ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা করে। এ বেতনের সঙ্গে মাত্র গেজেট না আসা পর্যন্ত মাত্র ৫০০ টাকা করে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছে। কিন্ত আমরা তা মেনে নেয়নি। আমাদের বেতন গেজেট অনুযায়ী না দিলে আমরা আন্দোলন চারিয়ে যাব। এর আগেও আমরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করায় গেজেট অনুযায়ী বেতন দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্ত কোম্পানি তা বাস্তবায়ন করেনি। উল্টো আন্দোলনকারীদের অনেককেই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা ইউএনও মনিষা রানী কর্মকার বলেন, শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবি করেছেন। তাদের দাবি ওই কোম্পানির মালিকপক্ষের লোকজনের সঙ্গে আলাপ করে বেসিক বেতনের সঙ্গে ৫০০ টাকা করে বৃদ্ধিসহ দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। কিন্ত শ্রমিকরা আরও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন।