সিলেট অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে সিলেটের কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে অব্যাহত বৃষ্টিতে জেলার নদ-নদীর পানি বাড়ছে।
আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার দুপুর পর্যন্ত সিলেটে টানা বৃষ্টি অব্যাহত ছিল। আবহাওয়া অফিস সিলেটের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৫২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে প্রায় তিন দিন টানা বৃষ্টি হচ্ছে দেশের বেশিরভাগ জেলায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিপাত আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ভারতের মেঘালয়সহ উজানের এলাকাতেও ভারি বৃষ্টি হওয়ায় সিলেটের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে সিলেটের কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট জেলার নিম্নাঞ্চল এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বিভাগের বিভিন্ন এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, সম্ভাব্য আকস্মিক বন্যা পরিস্থিতি প্রায় তিন দিন স্থায়ী হতে পারে। এরপর শনিবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দেশের প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সুরমা-কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিন ভারি বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।