কুমিল্লা অফিস
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা। ফাইল ছবি
কুমিল্লায় আর্জেন্টিনা বনাম মিসরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে মারধরে মো. শরিফুল ইসলাম নামের এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন।
আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা মো. মতিউর রহমানের ছেলে।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) সংকর কান্তি দাস জানান, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিসরের ফুটবল ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার প্রতিদিনের বাংলাদেশকে জানান, ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীর স্বজনদের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।