ফেনী প্রতিবেদক
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
ফেনী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবা ফটো
ফেনী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার ধর্মপুর ইউনিয়নের মটবাড়িয়া এলাকায় মঙ্গলবার (৭ জুলাই)
সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের শরীর খণ্ডবিখণ্ড হয়ে রেললাইনের
অন্তত দেড় কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
নিহত মো. হোসেন পরশুরাম উপজেলার চিথলিয়া দক্ষিণ চন্দনা এলাকার মো. ইসহাকের ছেলে।
তিনি ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে ‘মেসার্স ফিরোজা অটো পার্টস’ নামক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের
মালিক ছিলেন। ব্যবসা ছাড়াও বেশ কয়েকটি সিএনজি অটোরিকশাসহ তার অন্যান্য ব্যবসা ছিল বলে
জানা গেছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান যায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে
৬টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ‘মহানগর গোধূলি’ ট্রেনটি মটবাড়িয়া
এলাকা অতিক্রম করার সময় মো. হোসেন ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে
পৌঁছায়। মরদেহের পাশ থেকে ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচয়পত্র উদ্ধার করার পর
তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
নিহতের পরিচিত ব্যবসায়ী মো. নাফিজ জানান, বিকেলেও হোসেনকে দোকানের পাশেই দেখা
গেছে। হঠাৎ তিনি কেন এবং কী কারণে ওই রেললাইন এলাকায় গিয়েছিলেন, তা কারও বোধগম্য হচ্ছে
না।
ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান
সোহেল জানান, নিহত হোসেন তাদের ট্রাংক রোড শাখার একজন সম্মানিত সদস্য ছিলেন। ঘটনাস্থলে
তার পরিচয়পত্র পেয়েই শনাক্তকরণ সহজ হয়। তিনি আরও জানান, হোসেনের কিছু দেনা-পাওনা (ঋণ)
ছিল বলে তারা জানতে পেরেছেন। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন,
বিকেলের দিকে ওই ব্যবসায়ীকে রেললাইন এলাকায় হাঁটতে দেখা গেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী
জানিয়েছেন। দুর্ঘটনার পর বৃষ্টি শুরু হওয়ায় মরদেহ উদ্ধারের কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।
নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে
পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।