নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ৯ ঘণ্টা আগে
আপডেট : ৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনের পর এই প্রথম বরিশালে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুলাই জেলার গৌরনদীতে সেনাবাহিনীর ক্যাম্প গ্রীস্মকালীন মহড়া পরিদর্শন করবেন তিনি। এছাড়া বিভাগীয় শহর বরিশালে প্রধানমন্ত্রী বৃক্ষরোপন কর্মসূচী এবং সাংগঠনিক সভায় অংশ নিবেন।
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীস্মকালীন মহড়া পরিদর্শন করার লক্ষ্যে ১৩ জুলাই সকাল ৯টায় ঢাকা থেকে রওনা দিবেন। সেখান থেকে বরিশাল নগরে এসে তিনি বৃক্ষরোপন কর্মসুচীতে অংশ নিবেন। বরিশাল বেলসপার্ক, লেক, কিংবা গ্রান্ড পার্কের আশপাশে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপি নেতা কুদ্দুস বলেন, দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল নগর, জেলা দক্ষিন ও উত্তর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে সাংগঠনিক সভা করবেন। সাংগঠনিক সভা সুশৃঙ্খল করার জন্য প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, প্রধানমন্ত্রী গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন করতে বরিশালে আসছেন। এরপর বিকেলে কর্মীসভায় জেলা মহানগর কর্মীদের সঙ্গে কথা বলবেন। বৃষ্টির জন্য ইনডোরে শিল্পকলায় সভাটি করা হচ্ছে।
এছাড়া বৃক্ষরোপন ও আলেম ওলামাদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে।
বরিশালবাসীর প্রত্যাশা প্রসঙ্গে প্রশাসক শিরীন বলেন, বরিশালে ৬ লেন, রেল লাইন, বরিশাল ভোলা সেতু, গ্যাস সরবরাহ, ইপিজেট এসব দাবীর কথা প্রধানমন্ত্রী জানেন। এরপরও বরিশালের মানুষের এসব প্রত্যাশার কথা সুযোগ অনুযায়ী তুলে ধরা হবে।
এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের বরিশাল সফরের খবরে ক্ষমতাসীন দলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মধ্যমে নেতাকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে।