চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ ও পাহাড়ঘেঁষা এলাকা পরিদর্শন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় ১০১ সদস্যের র্যাপিড রেসপন্স টিম গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (৭ জুলাই) নগরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
নবগঠিত কমিটিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদকে সদস্যসচিব করা হয়েছে।
মেয়র বলেন, টানা বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ কমাতে চসিকের বিভিন্ন বিভাগ, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে সার্বক্ষণিক মনিটরিং ও জরুরি সেবা নিশ্চিত করা হবে। যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে র্যাপিড রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে মাঠে কাজ করবে।
তিনি জানান, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের মধ্যেও জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। তবে হিজড়া খাল, জামালখান খাল ও গুলজার খালের কাজ সম্পন্ন হলে নগরীর অবশিষ্ট জলাবদ্ধতাও অনেকাংশে কমে আসবে।
এর আগে মেয়র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কাতালগঞ্জ, পাঁচলাইশ, টাইগারপাসসহ বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ ও পাহাড়ঘেঁষা এলাকা পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশন, উপড়ে পড়া গাছ অপসারণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদারের নির্দেশ দেন।
মেয়র নগরবাসীর প্রতি নালা-নর্দমায় প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে বলেন, যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জরুরি প্রয়োজনে নগরবাসীকে ০১৮০৫-৭৮৩৩৮৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।