চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ বিভাগের সব জেলায় বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।
বৈরি আবহাওয়ার কারণে মঙ্গলবার রাত ১টার পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত ঘোষণা করে।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলার এবং রাত পৌনে ১২টায় কক্সবাজার জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।
রাত ১টার দিকে কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিগুলোতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এ বিভাগের সব জেলায় বুধবারের এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসকের প্রতিবেদনের প্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ার কথা তুলে ধরা হয়েছে। এ পরীক্ষার সূচি পরে জানানো হবে বলে ঘোষণায় তুলে ধরা হয়।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।