বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৬:৩৩ পিএম
বরগুনার তালতলীর পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. আসাদুল নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। প্রবা ফটো
বরগুনার তালতলীর পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. আসাদুল (১৬) নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে সাগর উত্তাল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোর বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার বাসিন্দা মো. মুসার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে আসাদুলসহ পাঁচজন সমবয়সী বন্ধু
শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে বেড়াতে যান। কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা গোসলের উদ্দেশ্যে সমুদ্রে
নামেন। এ সময় উত্তাল সাগরের প্রবল স্রোতে সবাই ভেসে যেতে শুরু করেন। স্থানীয়দের দ্রুত
চেষ্টায় চারজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল স্রোতের তোড়ে আরও গভীরে চলে
যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতে ভেসে যাওয়ার পর আসাদুল কিছু
সময় সমুদ্রে মাছ ধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি আঁকড়ে ধরে ছিলেন। পরে একপর্যায়ে তিনি
পানিতে তলিয়ে যান এবং এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ
জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের
সহযোগিতায় নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার
অভিযান অব্যাহত থাকলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,
‘দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নামেন। এ সময় আসাদুল নামে একজন পানিতে
ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার
অভিযান চলমান রয়েছে।তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি’। এদিকে বৈরী আবহাওয়ায়
উত্তাল সাগরে না নামতে পর্যটকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।