কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৩:৫২ পিএম
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাম্প্রতিক টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার পরিমাপ অনুযায়ী, কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি সচল রয়েছে এবং মোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোঃ তারেক আহমেদ জানান, বর্তমানে কেন্দ্রের ৫টির মধ্যে ৪টি ইউনিট সচল রয়েছে। ১নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২নং ইউনিটে ৩৪ মেগাওয়াট, ৪নং ইউনিটে ২৮ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ২৮ মেগাওয়াট সহ মোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এছাড়া বর্তমানে রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ৭৯ দশমিক ৯ ফুট এমএসএল (মিনসি লেভেল)।
এছাড়া তিনি আরও জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পেলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরো বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, পানির ওপর নির্ভরশীল কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিটে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। এছাড়া কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।