কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১২:৪৬ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৩:০৪ পিএম
পটুয়াখালীর মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার প্রস্তুতির খবরে কুয়াকাটা উপকূলের সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রবা ফটো
পটুয়াখালীর মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার প্রস্তুতির খবরে কুয়াকাটা উপকূলের সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে এখন উৎসবের আমেজ।
জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি তার নির্বাচনী
প্রতিশ্রুতিতে মহিপুরকে উপজেলা ঘোষণার কথা বলেছিলেন। নির্বাচনের পর গত ৫ জুন প্রধানমন্ত্রী
বরাবর মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার আবেদন করেন স্থানীয় সাংসদ। ওই
আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-১ মো. মহিউদ্দিন
আল হেলাল স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত
কার্যক্রম নির্দেশনা দেওয়া হয়। ফলে কলাপাড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে
গঠিত হতে যাচ্ছে প্রশাসনিক মহিপুর উপজেলা।
প্রসঙ্গত, মহিপুর দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জনপদ। ২০১৬ সালে
থানা প্রতিষ্ঠার পর থেকে এলাকার প্রশাসনিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।
এখানে দেশের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক, বীমা,
কারখানা, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সাবমেরিন ক্যাবল
ল্যান্ডিং স্টেশন রয়েছে। এছাড়া কুয়াকাটা পর্যটন কেন্দ্রের মহিপুর থানা এলাকায়।
পর্যটন কেন্দ্র ও মৎস্য বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায়
মহিপুরকে প্রশাসনিক উপজেলা ঘোষণা করা এখন সময়ের দাবি।