চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২২:৪৯ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬ ০৮:২৯ এএম
ওসি মুহাম্মদ শরীফ। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা থেকে প্রত্যাহার করা ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেছে সিএমপি।
সিএমপির এক মুখপাত্র প্রতিদিনের বাংলাদেশকে সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তবে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ঢাকায় অবস্থান করায় কোনো ধরণের তদন্ত কমিটি গঠন করা হয়নি বলেও জানিয়েছেন সিএমপির ওই মুখপাত্র।
সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী গতকাল রবিবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে লাইনে সংযুক্ত করার আদেশ জারি করেন।
এর আগে এ্কই দিন পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ অধিশাখার উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, মুহাম্মদ শরীফের বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত থেকে দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ আর্থিক লেনদেন, জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার
এবং ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলের মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ সব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিয়ে আবার মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
২০২৫ সালের ২২ অক্টোবর শরীফকে কর্ণফুলী থানা থেকে সিএমপির বিশেষ শাখায় বদলি করা হয়। ১৪ ডিসেম্বর সেখান থেকে তাকে অ্যাস্টেট এন্ড বিল্ডিং শাখার পরিদর্শক হিসেবে বদলি করা হয়। গত ১৮ জুন তাকে সদরঘাট থানার ওসি পদে দায়িত্ব দেওয়া হয়।
সিএমপির কর্মকর্তাদের ভাষ্য, কর্ণফুলী থানায় ব্যাপক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ মাথায় নিয়েও সম্প্রতি আবার ক্ষমতাধর হয়ে উঠেছিলেন মুহাম্মদ শরীফ। বিভিন্ন থানায় ওসি পদায়নে পর্দার আড়াল থেকে ভূমিকা রেখেছিলেন। রাজনৈতিক নানা বিতর্ক তুলে দক্ষ ও চৌকস হিসেবে পরিচিত একাধিক কর্মকর্তাকে বঞ্চিত করতে তিনি কলকাঠি নাড়েন।
তথ্যমতে, সিএমপির গোয়েন্দা ইউনিটের (ডিবি-দক্ষিণ) পরিদর্শক পদে দায়িত্বরত অবস্থায় মুহাম্মদ শরীফকে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর কর্ণফুলী থানার ওসি হিসেবে পদায়ন হয়েছিল। দেড় মাস পর ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হোসেন তালুকদারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বিতর্কের মুখে পড়েন ওসি। চরপাথরঘাটা ইউনিয়নের এক ব্যবসায়ী ও এক ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে গাড়ি থেকে ছেড়ে দেওয়া হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সম্পর্ক রাখা এবং গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ ওঠে তখন তার বিরুদ্ধে।
২০২৫ সালের জুলাইয়ে চরলক্ষ্যা ইউনিয়নে ১০ বছর বয়সি শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের নামে অর্থ আদায় এবং পরে শিশুটির মাকে বিষয়টি চেপে যেতে ঘুষ দেওয়ার অভিযোগে ওসি শরীফের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী। কর্ণফুলী নদীকেন্দ্রিক চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ থাকাসহ আরও নানা অভিযোগে তিনি আলোচিত ছিলেন।
এছাড়া সিআইডির পরিদর্শক থাকার সময় বিদেশি মুদ্রা উদ্ধারের এক মামলার তদন্ত নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে শরীফের বিরুদ্ধে। এজন্য ২০২৫ সালের ২২ অক্টোবর ওসি শরীফকে সশরীরে হাজিরের নির্দেশ দিয়েছিলেন আদালত। জব্দ করা মামলার গুরুত্বপূর্ণ আলামত (প্রমাণ) আদালতে জমা না দিয়েই এবং নিজের হেফাজতেও সংরক্ষণ না করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন তিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বলেন, “ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেছে সিএমপি। তবে সিএমপি কমিশনার ঢাকায় অবস্থান করায় কোনো ধরণের তদন্ত কমিটি গঠন করা হয়নি এখনো”।