চৌগাছা (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২১:২৮ পিএম
প্রতিকী ছবি
যশোরের চৌগাছায় চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আরিফুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার স্বরূপদাহ গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া আরিফুল ইসলাম উপজেলার টেঙ্গুরপুর জেটিকেইউ দাখিল মাদ্রাসার শিক্ষক এবং স্বরূপদাহ গ্রামের পূর্বপাড়া এলাকার রহিম বক্সের ছেলে।
অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তারের পর এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের অন্যান্য অভিভাবকরা জানান, এই মাদ্রাসা শিক্ষকের চরিত্র ভালো নয়। এর আগেও তিনি একাধিক শিশুর সঙ্গে একই ধরনের আচরণ করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ৪ জুলাই দুপুরে স্বরূপদাহ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ওই শিক্ষার্থীকে টাকা ও খাবার দেওয়ার লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে আরিফুল। শিশুটি তার প্রস্তাবে রাজি না হয়ে ভয়ে দৌড়ে নিজের বাড়িতে চলে যায়। শিক্ষক আরিফুলও তার পিছু পিছু ওই ছাত্রীর বাড়িতে যায়। নিজেকে রক্ষা করতে শিশুটি দ্রুত বাথরুমে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দেয়। পরবর্তীতে মেয়ের মা বাড়িতে ফিরে আরিফুলকে উঠানে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং বাথরুমের ভেতর থেকে মেয়ের কান্নার আওয়াজ পান।
পরে শিশুটি তার বাবাকে বিস্তারিত জানালে ঘটনাটি ধামাচাপা দিতে আরিফুলের পরিবার স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার চেষ্টা চালায়। তবে সামাজিক চাপের মুখে না নুয়ে ওই রাতেই ১২টার দিকে ভুক্তভোগী ছাত্রীর পিতা চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায় এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শিক্ষককে আটক করে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সত্যতা পেয়েছি। আসামিকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।