বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২১:১৯ পিএম
বরগুনা সদর উপজেলার নিজ বাড়িতে চার্জে বসানো অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন স্বামী-স্ত্রী। এ সময় তাদের একমাত্র মেয়েও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদরের ফুলঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ডালভাঙা এলাকার আব্দুর রশিদের ছেলে মো. বেল্লাল (৪৫) এবং তার স্ত্রী কমলা বেগম। আহত হন তাদের মেয়ে আরিফা।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি বেল্লাল নিজ বাড়িতে একটি গরুর খামার নির্মাণ করছিলেন। খামারের কাজ প্রায় শেষ হওয়ায় টিন কেনার উদ্দেশ্যে বাজারে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। এজন্য বাড়িতে চার্জে রাখা নিজের অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে ছুটে যান স্ত্রী কমলা। কিন্তু তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। পরে বাবা-মাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মেয়ে আরিফাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তিনজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক বেল্লাল ও কমলা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত আরিফাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।