ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে বিকেএসপি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ টিম। প্রবা ফটো
ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে বিকেএসপি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ টিম। সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় জেলার শৈলকুপা উপজেলার মোহম্মদপু্র ও দুধসর-চাঁদপুর আবাসন এলাকা পরিদর্শন করেন পরিদর্শন টিমের সদস্যরা।
এ সময় পরিদর্শন টিমে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)। পরিদর্শন টিমের সঙ্গে উপজেলা ইউএনও মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল খান পরিদর্শন টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শন টিমের প্রধান বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান বলেন, প্রাথমিক পরিদর্শনে দুটি স্থান আমাদের কাছে উপযোগী বলে মনে হয়েছে। এ বিষয়ে আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেব। তারপর ক্রীড়া মন্ত্রণালয় ও বিকেএসপি পরবর্তী সিদ্ধান্ত ও করণীয় নির্ধারণ করবে। আশা করছি, দ্রুততম সময়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক এই ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু হতে পারে।