বগুড়া শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে নবগঠিত বগুড়া সিটি করপোরেশন। প্রবা ফটো
বগুড়া শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে নবগঠিত বগুড়া সিটি করপোরেশন।
অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে বাসি-পচা খাবার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে তিনটি হোটেল-রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সাতমাথা, থানা মোড়, সেলিম হোটেল এলাকা, কাঁঠালতলা, রাজাবাজার, ফতেহ আলী ব্রিজ, গালাপট্টি ও হোটেলপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সিটি করপোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ফতেহ আলী বাজারের ‘প্রিয়াঙ্কা দই ঘর’-এ পচা ও বাসি রসমালাই সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের ‘ফতেহ আলী ফুড গার্ডেন’-এ বাসি খাবার ফ্রিজে সংরক্ষণের দায়ে পাঁচ হাজার টাকা এবং শহরের হোটেলপট্টির ‘কাফেলা হোটেল’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।