× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ মামলায় ৩ জেলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২০:৪৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের তিন জেলায় পৃথক ধর্ষণ মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জন এবং খাগড়াছড়ির রামগড় ও নোয়াখালীর চাটখিলে শিশু ধর্ষণ মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষকসহ ২ আসামিকে যাবজ্জীবন এবং কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় ৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) সংশ্লিষ্ট জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকরা এসব রায় দেন। প্রতিবেদকদের পাঠানো খবরেÑ

জামালপুর : গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। সোমবার বিকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেনÑ রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জুয়েল মিয়া, আশরাফুল ইসলাম, জসিম ও আছমত। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, গত বছরের ২৫ মে রাতে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া এলাকায় এক গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে দণ্ডপ্রাপ্তরা। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

খাগড়াছড়ি : রামগড়ে শিশু (৭) ধর্ষণ মামলায় মো. শাহিন (৫৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন। ২০২৫ সালের ২২ জুলাই রামগড়ের পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারে অভিযুক্তের পরিচালিত একটি হোটেলে এ ধর্ষণের ঘটনা ঘটে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা বলেন, মাত্র এক বছরের মধ্যে মামলার বিচার শেষ হওয়া ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি ইতিবাচক দৃষ্টান্ত। এ রায়ে আমরা সন্তুষ্ট। 

নোয়াখালী : চাটখিলে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে শাহাদাত হোসেন (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার নোয়াখালীর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আকতার আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহাদাত উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং নিহত শিশুর জেঠাতো ভাই। 

জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। ঘটনার ৯ দিন পর প্রতিবেশী বাবলু মিয়ার ছেলে শাহাদাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ : জেলার কাশিয়ানীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় উজ্জ্বল বিশ্বাস ও কল্পনা বিশ্বাস নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অর্থদণ্ডও করা হয়। সোমবার গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। তবে এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। মামলার বিবরণে জানা গেছে, কাশিয়ানীর তিলছড়া গ্রামে ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় কল্পনা বিশ্বাস পিঠা বানানোর লোভ দিয়ে ভুক্তভোগী ছাত্রীকে ডেকে ঘরে নিয়ে যায়। এ সময় উজ্জ্বল তাকে ধর্ষণ করে। 

কক্সবাজার : কক্সবাজারে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকেয়া আক্তার এ রায় দেন। দণ্ডিতরা হলেনÑ রামু উপজেলার পেঁচার দ্বীপ এলাকার কলিম উল্লাহর ছেলে মো. আনছারুল্লাহ, আবদুল মোনাফের ছেলে আবদুল গফুর এবং এজাহার মিয়ার ছেলে বেলাল উদ্দিন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার এজাহারে জানা যায়, ২০১৯ সালের ৮ ডিসেম্বর পেঁচার দ্বীপ সংলগ্ন মারমেইড বিচ রিসোর্টের পাশে ‘গুড ভাইব কটেজে’ ওঠেন ওই নারী পর্যটক। দুই দিন পর গভীর রাতে আসামিরা কটেজে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা