মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
মাগুরা জেলা শাখার বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা বেতন-ভাতার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। প্রবা ফটো
মাগুরা জেলা শাখার বাংলাদেশ প্রাণিসম্পদ এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা বেতন-ভাতার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।
মাগুরা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে সোমবার (৬
জুলাই) দুপুরে ব্যানার নিয়ে কর্মবিরতির কর্মসূচি পালন করেন সমিতির নেতাকর্মীরা। এ
সময় তারা তাদের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা বলেন, ১৯৯৭ সাল থেকে তারা দেশের গবাদিপশুর জাত
উন্নয়ন, কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনা এবং প্রান্তিক খামারিদের বিভিন্ন কারিগরি
পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু এতদিনেও তাদের বেতন-ভাতার আওতায় আনা হয়নি। সরকার এক
সময় মাত্র দুই বছরের জন্য মাসিক দুই হাজার টাকা সম্মানী দিলেও পরবর্তী সময়ে সেটিও বন্ধ হয়ে যায়। তারা আরও বলেন, দীর্ঘদিন
ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেতন-ভাতাসহ ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আবেদন জানানো
হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের
কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
সমিতির নেতারা বলেন, এআই টেকনিশিয়ানদের কার্যক্রম বন্ধ
থাকলে গবাদিপশুর জাত উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ের খামারিরা
কৃত্রিম প্রজনন ও পশুপালন বিষয়ে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ থেকে বঞ্চিত হবেন। এতে
অপ্রতুল জনবল নিয়ে প্রাণিসম্পদ বিভাগের সেবা কার্যক্রমও বিঘ্নিত হতে পারে।
কর্মসূচিতে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ
সমিতি, মাগুরা জেলা শাখার সভাপতি বাবুল কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক মো. পিকুল হোসেনসহ
সংগঠনের অন্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।