চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বঙ্গোপসাগরের উত্তর ওড়িশার ওপর দিয়ে একটি মৌসুমি নিম্নচাপ অতিক্রম করছে। আর এর প্রভাবে সৃষ্ট হওয়া জলীয়বাষ্পে চট্টগ্রামে বেড়েছে বৃষ্টিপাত।
গেল ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
পতেঙ্গা আবহাওয়া অফিস সোমবার জানিয়েছে, রবিবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায়ও বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবেই এ বৃষ্টি হচ্ছে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ভারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে চট্টগ্রামে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় এদিন মাছ ধরতে গভীর সাগরে যেতে পারেনি নৌযান। সম্ভাব্য ক্ষতি এড়াতে এসব নৌযান ও বন্দরের লাইটারেজ জাহাজ কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা হয়েছে।