উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে এক মাদ্রাসার শিক্ষার্থীকে রাতভর ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার (৫ জুলাই) ভুক্তভোগীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ। এর আগে গত ৩০ জুন রাতে উপজেলার কাজির মসজিদ সংলগ্ন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া বাজার এলাকার আনু মিয়ার ছেলে রাকিব (১৯) এর সাথে পার্শ্ববর্তী দলদলিয়ার মহিলা হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীর (১৭) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ জুন বিকালে রাকিব ওই শিক্ষার্থীকে স্থানীয় কাজির মসজিদ সংলগ্ন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় আসতে বলেন। এরপর ওই শিক্ষার্থী সেখানে গেলে মাদ্রাসার একটি শ্রেণি কক্ষে উভয়ে গল্প করেন। এ সময় ওই মাদ্রাসার দায়িত্বে থাকা শিক্ষক সহিদুল ইসলাম (৪০) এর সাথে শিক্ষার্থীর পরিচয় করিয়ে দেন এবং সেখানেই অবস্থান করেন। পরবর্তীতে রাত গভীর হলে ওই শিক্ষক রাকিবকে কৌশলে অন্য কক্ষে ঘুমাতে পাঠিয়ে শিক্ষার্থীকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে যান। এরপর অফিস কক্ষে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক সহিদুল। এ সময় শিক্ষার্থীর আত্মচিৎকারে রাকিব এসে দরজা খুলতে বললে শিক্ষক রাকিবের কাছে শিক্ষার্থীকে সেখানেই রেখে চলে যান। পরে রাকিব ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দিয়ে রাতভর একাধিকবার ধর্ষণ করেন।
পরদিন সকালে শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে স্বজনদের জানালে স্থানীয় মাতবররা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীর নানা বাদী হয়ে গত শনিবার রাতে রাকিব ও শিক্ষক সহিদুল ইসলামের নামে উলিপুর থানায় মামলা করেন।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।