নাইক্ষ্যংছড়ি থানা। প্রবা ফটো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রাবার বাগান থেকে অপহৃত ছয় রোহিঙ্গা শ্রমিককে মুক্তির জন্য ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় শ্রমিকদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও বাগান মালিক সূত্রে জানা গেছে, রবিবার (৫ জুলাই) সকালে বাগানের মালিক কাওছারের মোবাইল ফোনে যোগাযোগ করে অপহরণকারীরা ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তারা জানায়, অর্থ পরিশোধের পর শ্রমিকদের ছেড়ে দেওয়া হবে। তবে অপহরণের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপহরণের পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করে। রবিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
বাগানের মালিক কাওছার বলেন, সকালে অপহরণকারীরা মোবাইল ফোনে যোগাযোগ করে ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা বলেন, শ্রমিকদের কাছাকাছি কোথাও রাখা হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। মালিকের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মুক্তিপণ দাবির তথ্য পেয়েছেন। একই সঙ্গে শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অপহৃত রোহিঙ্গা শ্রমিকদের বিষয়ে নতুন কোনো অগ্রগতি নেই। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের রাবার বাগান থেকে ছয় রোহিঙ্গা শ্রমিক অপহরণের শিকার হন।